রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ শনিবার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ৮,২০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পরিচালিত পৃথক অভিযানে মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২) নামের দুজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
প্রথমে মো. জুবায়েরকে ৪,৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে মো. হেদায়েতুল্লাহকে ৩,৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছে। তারা কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা।
এ ঘটনায় রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।