বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশে পৌঁছেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এই হার গত বছরের মে মাসের ৯.০৫ শতাংশের তুলনায় বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের প্রকাশিত তথ্য মতে, ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ৯.৩০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.০১ শতাংশ ছিল। টানা পাঁচ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে।
এই মূল্যস্ফীতির ফলে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের ওপর চাপ বেড়েছে। বিবিএস জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৮.০৬ শতাংশ, যা মূল্যস্ফীতির হারের চেয়ে কম।
মূল্যস্ফীতির প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। যদি জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু আয় না বাড়ে, তাহলে মানুষকে ধারদেনা করে বা বিভিন্ন খাতে কাটছাঁট করে সংসার চালাতে হয়।
বিবিএস উল্লেখ করেছে যে, গত তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, ২০২৫ সালে গড় মূল্যস্ফীতি ছিল ৮.৭৭ শতাংশ।