জার্মান কোচ গেরহার্ড পিটার আবার বাংলাদেশের হকির হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্য রাতে তিনি ঢাকায় পৌঁছান এবং আসন্ন এশিয়ান গেমসের জন্য তাকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হকি ফেডারেশন। আগামীকাল শনিবার থেকে তিনি দলের অনুশীলন শুরু করবেন।
এক যুগ আগে পিটারের কোচিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের ইউরোপে খেলার সুযোগ উন্মুক্ত হয়েছিল। ২০০৯ সালে তিনি প্রথমবার বাংলাদেশের কোচ হন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। মোহামেডান ও মেরিনার্স ক্লাবের কোচ হিসেবেও কাজ করেছেন। তবে বর্তমানে পিটারকে পুনরায় কোচ করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে, কারণ অনেকের ধারণা আধুনিক হকিতে তিনি তেমন কার্যকর নন।
গেরহার্ড পিটার আবার বাংলাদেশের কোচ হচ্ছেন এটি হকি অঙ্গনে সপ্তাহ দুয়েক আগে থেকেই আলোচিত ছিল। ফেডারেশনের কমিটি পুনঃগঠনের পরই পিটারের নিয়োগ চূড়ান্ত হয়। যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের কোচ ছিলেন ডাচ আইকনম্যান। তার পরিবর্তে ফেডারেশন আবার পিটারে ফিরেছে। ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স পিটারকে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ঢাকায় পৌঁছে পিটার গেরহার্ড তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আমার মতে, গত টুর্নামেন্টগুলোতে হকি দল যে ফলাফল পেয়েছে, তার চেয়ে তারা অনেক বেশি ভালো দল। আমাদের এই পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে এবং আমরা সেটা নিয়েই কাজ করব।”
বাংলাদেশ হকির সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে এবং হকি ফেডারেশনের কর্মকর্তাদের প্রতি শুভকামনা জানিয়ে পিটার বলেন, “আমি প্রিন্সকে (আরিফুল হক প্রিন্স) অনেক লম্বা সময় ধরে চিনি, আর ইশতিয়াক (নতুন সাধারণ সম্পাদক) হলো সাদেকের ছেলে। আমি আশা করি এই দুজন খুব ভালো মানুষ এবং দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন। এবং মিরাজ কবিরকে হকি খেলতে দিতে হবে”